‘তারেক রহমান এখন শুধু চোখের সামনে ক্ষমতা দেখছেন’

এনসিপি নেতা সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘তারেক রহমান হচ্ছেন নতুন তারেক রহমান, যিনি এখন শুধু চোখের সামনে ক্ষমতা দেখছেন। এই তারেক রহমান ২০২৪ সালের আগের অনলাইনে জনগণের পক্ষে কথা বলা সেই তারেক রহমান নন।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর কীভাবে ক্ষমতা পুঞ্জীভূত করা যায়, সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যায় এবং বিরোধী দলকে পোষ্য বানানো যায়—সেই পরিকল্পনা বিএনপি শুরু করেছে। এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি নয়, এই বিএনপি মেজর জিয়াউর রহমানের বিএনপি নয়।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের মাইজদীতে জাতীয় নাগরিক কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘প্রতারণার যে রাজনীতি আপনারা শুরু করেছেন, সংসদ থেকে রাজপথ—প্রত্যেকটা জায়গায় এই প্রতারণার ফল আপনাদের ভোগ করতে হবে।’

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘শিলং থেকে নয়, লন্ডন থেকে নয়, শাহবাগের রাজপথ ও বাংলাদেশের রাজপথের লড়াই-সংগ্রাম থেকেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে। আপনারা দেশে ফিরে আসতে পেরেছেন, সংসদে গিয়ে কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি অবজ্ঞার সুরে কথা বলেন, তাহলে আমরা বুঝব, আপনাদের অনুপস্থিতির কারণে আপনারা শাহবাগ ও পল্টনকে হজম করতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘শাহবাগের লড়াই ও সংগ্রামের মধ্যে তারা ছিল না, রাজপথেও ছিল না। এ কারণে শাহবাগ ও পল্টনের বিষয়গুলো তারা হজম করতে পারছে না।’

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চোখ তুলে নেবেন, রক্তাক্ত করবেন, হয়তো আগামীতে জীবনও নিতে পারেন; কিন্তু মনে রাখবেন, ওই একই স্বৈরাচারী পথে যদি আপনারা হাঁটেন, আপনাদের পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে।’

দলের অভ্যন্তরীণ ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ প্রতিটি অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হবে। এসব সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে পারলে জনগণের রায় নিয়ে ২০৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) এস এম সুজা উদ্দিন, রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং নোয়াখালী পৌরসভার এনসিপি মনোনীত মেয়র প্রার্থী কাজী মাঈন উদ্দিন তানভীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments