চার ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার
জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাংলাবাজার শামসুন্নাহার সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার অস্থায়ী পুলিশ ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। পরে তিনি ক্যাম্পটি পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
ক্যাম্প উদ্বোধন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম. ইমরান খান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস এবং শামসুন্নাহার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুর রহমান, সহকারী বিট অফিসার এএসআই মো. সোলেমান, আমানউল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম সুমন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, জিরতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সামছুল আলম লাভলু, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মিলন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন তার বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই চার ইউনিয়নে মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।



