রাষ্ট্রপতির সংবর্ধনায় যাননি সিলেট মহানগর বিএনপির নেতারা

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেননি মহানগর বিএনপির নেতারা। তবে রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরের সাতটি পয়েন্টে তাঁকে স্বাগত জানান দলটির নেতা-কর্মীরা।

মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিনিয়র নেতৃবৃন্দসহ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তারা এসেছিলেন। কিন্তু আয়োজনের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নেওয়া এবং ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার কারণে তারা অনুষ্ঠানে অংশ নেননি। এমনকি বিএনপি নেতাদের গাড়িও অনুষ্ঠানস্থলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সফর বা কর্মসূচির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। মাজার জিয়ারতের সময় আমরা ছিলাম, তাঁকে স্বাগত জানাতেও এসেছি। বিদায়ের সময়ও থাকব। আমাদের আপত্তি সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনার ব্যবস্থাপনা ও আয়োজনের প্রক্রিয়া নিয়ে।’

ওই নেতা আরও বলেন, বিএনপি নেতাদের আমন্ত্রণপত্র দেওয়া হলেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াটি তাদের কাছে সম্মানজনক মনে হয়নি। এটি অনেকটা নিয়ম রক্ষার আমন্ত্রণের মতো হওয়ায় অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘এই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না। যথাযথভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠান বর্জন করেছে।

তবে দলটির নেতারা জানান, রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর কর্মসূচির সঙ্গে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তিকে আলাদা করে দেখছেন তারা।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

নাগরিক সংবর্ধনায় অংশ না নেওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments