রংপুরে ফৌজদারী অপরাধের দণ্ড নিরূপণ আইনের খসড়া বিল নিয়ে সেমিনার

ফৌজদারী অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন-২০২৬ এর আইন কমিশনের সুপারিশকৃত খসড়া বিল নিয়ে রংপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

সেমিনারে বক্তব্য দেন আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী, গবেষণা কর্মকর্তা ও জেলা জজ মো. আসিফ ইকবাল, আইন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব মো. মাজাহারুল ইসলাম এবং আইন কর্মকর্তা কামরুন নাহার।

অনুষ্ঠানে আইন কমিশনের সুপারিশকৃত বিলের খসড়া উপস্থাপনের পর বিভিন্ন আদালতের বিচারক, পুলিশ কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আলোচনায় অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা, ন্যূনতম ও সর্বোচ্চ দণ্ডের যৌক্তিক সীমা নির্ধারণ, বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জরিমানার পরিমাণ পুনর্নির্ধারণ, পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা বলেন, ফৌজদারী অপরাধের দণ্ডবিধির বিদ্যমান অসঙ্গতিগুলো দূর করা গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও সহজ হবে। তিনি বলেন, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তির মুখোমুখি না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দণ্ড নিশ্চিতের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments