মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আনসার-ভিডিপির মেয়েরা

মালয়েশিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। ‘মালয়েশিয়া আন্তর্জাতিক মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর তৃতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়া জাতীয় দলকে ১০-৯ হোম রানে হারিয়ে টানা দ্বিতীয় আন্তর্জাতিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক বেসবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আনসার-ভিডিপির নারী বেসবল দল।

১৪ আগস্ট সেলানগরের সারদাংয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াকু পারফরম্যান্স দেখায় বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের কঠিন প্রতিরোধ সামলে শেষ পর্যন্ত এক রানের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

এর আগে ১৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার ‘গ্রিন অর্কা বেসবল’ দলকে ২৬-০ হোম রানের বিশাল ব্যবধানে হারিয়ে আন্তর্জাতিক আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ আনসার-ভিডিপি নারী বেসবল দল।

গত ১২ আগস্ট মালয়েশিয়ার সারদাং, সেলানগরে শুরু হয়েছে এবারের আন্তর্জাতিক নারী বেসবল চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দলকে দেশপ্রেম, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামার আহ্বান জানান। মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যয়েরই প্রতিফলন ঘটাচ্ছেন খেলোয়াড়রা।

বেসবলের মতো তুলনামূলকভাবে কম জনপ্রিয় খেলায় বাংলাদেশের নারী দলের এমন আন্তর্জাতিক সাফল্য দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের নারী বেসবল খেলোয়াড়দের সামনে।

এখন শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের সামনে শেষ বাধা। আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী আনসার-ভিডিপি নারী বেসবল দল ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আন্তর্জাতিক বেসবলের প্রথম শিরোপা এনে দিতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments