নারীদের মাদকাসক্তিজনিত সমস্যা মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষায়িত ক্লিনিক্যাল প্রশিক্ষণ শুরু হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে উইমেনস ইন্টারভেনশন অব সাবস্ট্যান্স এক্সপোজার (ডাব্লিউআইএসই) কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী প্রশিক্ষণ চলবে ২০ আগস্ট পর্যন্ত। ‘কমপ্রিহেনসিভ কেয়ার ফর সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার (ডাব্লিউআইএসই)-কোর্স ওয়ান: ক্লিনিক্যাল কেয়ার ফর উইমেন উইথ সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার্স’ শীর্ষক এ প্রশিক্ষণে চিকিৎসক, ক্লিনিশিয়ান এবং মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য নারীদের মাদকাসক্তিজনিত সমস্যার চিকিৎসায় সংশ্লিষ্ট পেশাজীবীদের ক্লিনিক্যাল জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে নারীদের বিশেষ প্রয়োজন বিবেচনায় নিয়ে ট্রমা-সচেতন ও সংস্কৃতিসংবেদনশীল চিকিৎসা পদ্ধতি প্রয়োগে তাদের দক্ষ করে তোলা হচ্ছে।
যেসব বিষয়ে প্রশিক্ষণ
তিন দিনের প্রশিক্ষণে নারীদের মাদক ব্যবহার ও এর চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মাদক ব্যবহারের শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব, চিকিৎসায় রোগীদের সম্পৃক্ত করা ও চিকিৎসা অব্যাহত রাখা, ট্রমা-সচেতন সেবা, স্ক্রিনিং ও সমন্বিত মূল্যায়ন, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা, ক্লিনিক্যাল হস্তক্ষেপ এবং নিরাপদ ও সহায়ক চিকিৎসা পরিবেশ তৈরি।
এ ছাড়া বিষণ্নতা, উদ্বেগ, পিটিএসডি এবং খাদ্যাভ্যাসজনিত সমস্যার মতো সহ-বিদ্যমান মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক আলোচনা নয়, দলীয় আলোচনা, রোল প্লে, কেস স্টাডি ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দক্ষতা বাড়ানো হচ্ছে। ফলে প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও ক্লিনিক্যাল দক্ষতা নারীদের চিকিৎসা ও পুনর্বাসনসেবায় আরও কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হবে বলে আয়োজকরা আশা করছেন।
অভিজ্ঞ রিসোর্স পারসন ইকবাল মাসুদ, মো. তানভীর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করছেন। তারা কোর্সের বিভিন্ন মডিউল ও ব্যবহারিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দিচ্ছেন।
নারীদের চিকিৎসায় কেন বিশেষায়িত উদ্যোগ
মাদকাসক্তিজনিত সমস্যায় আক্রান্ত নারীরা অনেক সময় পুরুষদের তুলনায় ভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক কলঙ্ক, সহিংসতা এবং পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হন। চিকিৎসাসেবা গ্রহণ এবং তা অব্যাহত রাখার ক্ষেত্রেও তাদের নানা চ্যালেঞ্জ রয়েছে।
এ কারণে নারীদের মাদকাসক্তি চিকিৎসায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি তাদের বিশেষ বাস্তবতা, প্রয়োজন ও জীবন-অভিজ্ঞতাকে বিবেচনায় নেওয়া জরুরি। এ ক্ষেত্রে লিঙ্গ-সংবেদনশীল, মানবিক ও ট্রমা-সচেতন চিকিৎসা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকদের মতে, ডাব্লিউআইএসই-এর এ বিশেষায়িত প্রশিক্ষণ নারীদের জন্য নিরাপদ, মানবিক ও প্রমাণভিত্তিক মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবা আরও শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে নারীদের মাদকাসক্তি চিকিৎসায় দক্ষ সেবাপ্রদানকারী তৈরির মাধ্যমে দেশে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হবে।
নারীদের জন্য আহ্ছানিয়া মিশনের বিশেষায়িত সেবা
নারীদের মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি চিকিৎসায় ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘদিন ধরে বিশেষায়িত সেবা দিয়ে আসছে। বর্তমানে সংস্থাটি নারীদের জন্য ‘মায়ের হাসি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র’ এবং ‘আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’ পরিচালনা করছে।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের জন্য বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়া হচ্ছে।
নারীদের মাদকাসক্তির চিকিৎসায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি চিকিৎসার পরিবেশকে আরও নিরাপদ, সহায়ক ও নারীবান্ধব করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



