গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করেন অঙ্গীভূত আনসার সদস্য মো. তানভীর হোসেন ও অঙ্গীভূত আনসার (মহিলা) মোছা. কোহিনুর বেগম।
আটকরা হলেন—মো. সাকিব (২৬), জামালপুরের শাহবাজপুর এলাকার মো. আকবর আলীর ছেলে এবং মো. ফিরোজ মিয়া (১৫), গাইবান্ধার সদর উপজেলার তালুক জামিয়া এলাকার মো. শফিকুলের ছেলে।
আনসার সদস্যরা জানান, হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে একই দিন দুপুর পৌনে ৩টার দিকে আটক দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করে।
আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার কারণে হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে তাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।



