নির্বাচন আর রমজানের কারণে ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা ডিসেম্বরে এগিয়ে আনা হলেও, ‘জাতীয় কবিতা উৎসব’ ১ ও ২ ফেব্রুয়াতেই আয়োজন হবে বলে জানালেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনি আমেজ থাকলেও বরাবরের মত ওই সময়েই ‘জাতীয় কবিতা উৎসব’ আয়োজন করা হবে।
মোহন রায়হান বলেন, আমরা ফেব্রুয়ারি মাসের ১ ও ২ তারিখেই কবিতা উৎসব আয়োজন করব। এখন পর্যন্ত আমাদের এরকমই পরিকল্পনা রয়েছে। উৎসবের প্রস্তুতিও চলছে।
প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে বসে কবিতা উৎসবের আসর। দুদিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশ-বিদেশের কবি-সাহিত্যিকেরা। কবিতার বৃহত্তম এই ঐতিহ্যবাহী আয়োজন কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অনন্য উৎসব; যা ইতোমধ্যে সারাবিশ্বে বিশেষ ‘মর্যাদা অর্জন করেছে’ বলে মনে করেন সাহিত্য সংশ্লিষ্টরা।
গত শতকের আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় জাতীয় কবিতা পরিষদের জন্মের ক্ষেত্র তৈরি হয়। ১৯৮৭ সালে প্রথম কবিতা উৎসবের নেতৃত্ব দেন কবি শামসুর রাহমান।
১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত পৃথিবীর নানা দেশের নানা ভাষার কবিরা এই উৎসবে অংশগ্রহণ করেছেন। কালের পরিক্রমায় জাতীয় কবিতা উৎসব সাম্প্রতিক বছরগুলোতে এসে আন্তর্জাতিক রূপ লাভ করে।



