রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক মারা গেছে। তিনি বেকারি দোকানের কর্মচারী ছিলেন।
সোমবার সকাল সোয়া ৯টার দিাে বংশাল নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১০টার দিকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে পথচারী জিসান জানান, সকালে বাই বাইসাইকেল যোগে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেল নিয়ে পানিতে পরে যায়। পরে আরো কয়েক জনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে নিয়ে আসি। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।
জিসান আরও জানান, ওই রাস্তায় বিদ্যুতের খাম্বা রয়েছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারনা করা হচ্ছে, কোনো কারণে বিদ্যুতের তার পানিতে পরে ছিল। সেখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মৃত আমিনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মোঃ বাদশা মিয়া। বর্তমানে হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নাজিরা বাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



