সাবেক এমপি অপু ও ঢাকা উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, ধানমন্ডি থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। এসব মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবে এমপি অপুকে ঢাকায় গ্রেফতারের পর ঝিনাইদহে আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়।
এদিকে হুমায়ুন কবির গ্রেফতারের বিষয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রবিবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তুরাগের রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপি কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments