বরখাস্ত হওয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ইসলামের অনৈতিক কর্মকা- ও প্রতারণার শিকার হয়ে বিচার দাবি করেছেন তার স্ত্রী পিংকী খাতুন। তিনি অভিযোগ করেছেন, শামীম ইসলাম একাধিক বিয়ে ও প্রতারণার পাশাপাশি পলাতক আসামি রিয়া জোয়ার্দারের সঙ্গে যোগসাজশে রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িয়ে পড়েছেন। গতকাল বুধবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাগুরার শ্রীপুরের বাসিন্দা পিংকী খাতুন এ অভিযোগ করেন।
তিনি জানান, গত বছরের ৮ আগস্ট ঢাকা জেলা পুলিশের এএসআই শামীম ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই তিনি জানতে পারেন, শামীম ইসলামের একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়টি জানাজানি হয়ে গেলে তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে।
পিংকী খাতুন বলেন, আমি বারবার তাকে অনুরোধ করেছি পরিবর্তন হয়ে সুস্থ জীবনে ফিরে আসতে। কিন্তু কোনো পরিবর্তন আসেনি। বরং আরও বেপরোয়া হয়ে ওঠে। তার সঙ্গে মাগুরার শ্রীপুর থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রিয়া জোয়ার্দারের অবৈধ সম্পর্ক রয়েছে। শামীম ইসলাম বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক হত্যা মামলায় পলাতক আসামী রিয়া জোয়ার্দের সঙ্গে বসবাস করছেন।
সংবাদ সম্মেলনে পিংকী খাতুন অভিযোগ করেন, তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করার পর অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজির কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন।



