চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ পদের বিপরীতে মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন প্রার্থী। একইসঙ্গে সবগুলো হল সংসদে বিক্রি হয়েছে ৫৮৯টি মনোনয়নপত্র। অর্থাৎ কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে তিন দিনে মোট ১ হাজার ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
গত রবিবার থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণ কার্যক্রমের শেষ দিনে সবচেয়ে বেশি সাড়া মেলে। কেবল কেন্দ্রীয় সংসদের জন্যই গতকাল মনোনয়ন নিয়েছেন ৩৭৮ জন প্রার্থী। অন্যদিকে হল সংসদের ২০৬টি আসনের বিপরীতে শেষ দিনে বিক্রি হয়েছে ৫১৬টি মনোনয়নপত্র। প্রথম দুই দিনে বিক্রি হয়েছিল মাত্র ৭৪টি।
শেষ দিনে প্রার্থীদের ব্যাপক সাড়া:
সকাল থেকেই নির্বাচন কমিশন কার্যালয়ে ভিড় করেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই মনোনয়ন নিতে আসেন প্রার্থীরা। মনোনয়ন সংগ্রহের নির্ধারিত সময় ছিল বিকাল সাড়ে তিনটা পর্যন্ত, তবে ভিড় সামলাতে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিতরণ চলে।
নির্বাচনে অংশ নেবে না বাগছাস:
চাকসু নির্বাচনে কোনো প্যানেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে কেউ চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবে বলে জানিয়েছেন সংগঠনটির চবি শাখার সদস্য সচিব আল মাশনূন। তিনি আরও বলেন, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন প্রার্থী এককভাবে চাইলে নির্বাচনে অংশ নেবেন। এর কারণ জানতে চাইলে পরবর্তীতে জানানোর কথা বলেন তিনি।
বিভিন্ন সংগঠনের প্যানেল ঘোষণা:
ইতোমধ্যে সক্রিয় ও প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেছে। এখন পর্যন্ত সাতটি সংগঠনের প্যানেলের কথা জানা গেছে। এগুলো হলো: ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শিক্ষার্থীরা ধারণা করছেন, আরও কিছু সংগঠন শিগগিরই প্যানেল ঘোষণা করতে পারে।
হল সংসদে ছাত্রীসংস্থার পূর্ণ প্যানেল:
হল সংসদে অংশগ্রহণের লক্ষ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রীসংস্থা। আসন্ন নির্বাচনে তারা প্রীতিলতা হলের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়াও প্রতিটি হল সংসদে ও কেন্দ্রে নিজেদের প্রার্থী দেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি। প্রীতিলতা হলে ভিপি পদে লড়বেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসবাহুল জান্নাত তারিন, জিএস পদে তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা ও এজিএস পদে আফরিদা রিমার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জানাগেছে।
তফসিল অনুযায়ী আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সবশেষ ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট দিতে পারবে ভোটারগণ।



