ঢাকার উপকণ্ঠ গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফায়ার ফাইটার নুরুল হুদা, জয় হাসান, মো. শামীম ও কর্মকর্তা জান্নাতুল নাঈম। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধদের চিকিত্সা চলছে। তাদের কে কতটুকু দগ্ধ হয়েছেন, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান বিকাল পৌনে ৪টার দিকে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ওই ঘটনায় তাদের তিনজন ফায়ারফাইটার ও একজন কর্মকর্তা আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা বলছেন, টিনশেডের গুদামটি এক পোশাক কারখানার। বিকালে হঠাত্ সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ শুরুর পর রাসায়নিকের এক ড্রামের বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন দগ্ধ হন।
সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিক জানা যানার চেষ্টা চলছে।



