রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা জোরদারে রাজশাহী মহানগর পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরাগুলো আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবিরের হাতে তুলে দেন। অনুষ্ঠানে রাসিক ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং একটি ডিজিটাল ও নিরাপদ নগরী গড়ে তুলতে এসব সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির বলেন, নাগরিক নিরাপত্তা জোরদারে সিটি করপোরেশনের দেওয়া এসব সিসি ক্যামেরা প্রতিরোধমূলক ও গোয়েন্দাভিত্তিক পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের জন্য তিনি রাসিক প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার সময় রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে স্থাপিত শতাধিক সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছিল। নতুন করে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা সংযোজনের মাধ্যমে নগরীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।



