রামেকে ইন্টার্ন চিকিৎসকদের শপথ ও ওরিয়েন্টেশনে ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। চিকিৎসকদের সনদ অর্জনের পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এমবিবিএস ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসকের শপথ গ্রহণ এবং নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “চিকিৎসা পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণের মধ্য দিয়েই একজন চিকিৎসকের প্রকৃত পরিচয় ফুটে ওঠে।”
নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “সৃষ্টিকর্তার নামে নেওয়া শপথ যেন কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতিফলন ঘটায়। অসহায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখে রাজশাহী মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখবেন।”
সরকারের স্বাস্থ্যখাত উন্নয়নের নানা উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীনের সহযোগিতায় অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি ১২ তলা হাসপাতাল ভবনের অসমাপ্ত কাজ শেষ করা এবং শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন ও সাবেক মহাসচিব ডা. মোফাখখারুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহিরুল হক।
অনুষ্ঠানে রামেকের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ইন্টার্ন চিকিৎসক, নবাগত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



