নোয়াখালীতে বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুকের মন্তব্য
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, “একাত্তর আমাদের মাথার মণি, আমাদের পরিচয়, আমাদের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের প্রতীক। এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।”
তিনি বলেন, “জুলাই-আগস্ট ইস্যু নিয়ে যারা সরকারকে অযথা বিব্রত করতে চায়, তাদের বলছি— ‘৭১’ আমাদের জাতীয় গৌরবের প্রতীক। তবে জুলাই-আগস্ট নিয়েও বিএনপির যে প্রতিশ্রুতি রয়েছে, দল তা অক্ষরে অক্ষরে পালন করবে। এজন্য সরকারকে অবশ্যই সময় দিতে হবে।”
শনিবার (১ আগস্ট) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন ও গাছের চারা বিতরণ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় শুরুতে শিক্ষকদের উদ্দেশে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষামন্ত্রী এ.এন.এম. এহসানুল হক মিলন।
সেনবাগ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভা শেষে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।



