সমীর কাওয়াল ও সৈয়দ সাজ্জাদ হোসেন আরমানের পরিবেশনায় মুগ্ধ দর্শক-শ্রোতা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালী সন্ধ্যা। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে এ মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাণজুড়ানো কাওয়ালী পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালী ও সুফি সংগীতশিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল। তাঁদের পরিবেশনায় উর্দু, হিন্দি ও বাংলা ভাষার বিভিন্ন জনপ্রিয় কাওয়ালীতে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানে ‘আলী আলী মওলা আলী’, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’, ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’সহ বিভিন্ন কাওয়ালী পরিবেশন করা হয়। শিল্পীদের সুর ও পরিবেশনায় মুগ্ধ হয়ে দর্শক-শ্রোতারা করতালি দিয়ে তাঁদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ।
বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়।
কাওয়ালী সন্ধ্যায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনিসহ ক্লাবের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার এ আয়োজনকে ঘিরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সংগীতের সুরে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।



