রাবি ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ এবং জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মধ্যে সমঝোতা স্মারক ও শিক্ষার্থী বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক ইয়োশিমুনে নোনোমুরা নিজ নিজ অনুষদের পক্ষে সমঝোতা স্মারক ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় রাবির আইসিটি সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. হাসনাত কবীর এবং অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমঝোতা স্মারক ও চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয় প্রতি বছর পাঁচজন করে শিক্ষার্থী বিনিময়সহ শিক্ষক ও গবেষক বিনিময় করবে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রকাশনা, একাডেমিক তথ্য বিনিময় এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আওতায় রাবির শিক্ষার্থীরা এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার থেকে এক শিক্ষাবর্ষ পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবেন। এ সময় আয়োজক বিশ্ববিদ্যালয়ে তাদের টিউশন ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, এ চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে একাডেমিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments