বাজারে আলুর দাম না পাওয়ায় এবং হিমাগারে সংরক্ষণে বাড়তি ভাড়ার কারণে লোকসানে পড়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। এ অবস্থায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণে জেলা সুপারিশ কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে পবা উপজেলার তেকিপুরে আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বস্তার নেট ওজন থেকে ৫ কেজি বাদ দিয়ে প্রতি কেজি আলুর সর্বোচ্চ সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ দ্রুত কার্যকর করতে হবে।
তারা বলেন, সুপারিশ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মানববন্ধনে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী শাহ, সহসভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি ও সদস্য মিঠু হাজী বক্তব্য দেন।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা ও আলুচাষিরা উপস্থিত ছিলেন।



