বজ্রপাত প্রতিরোধ ও জীববৈচিত্র্য সুরক্ষায় উদ্যোগ
দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (সিজিইডি) যৌথ উদ্যোগে সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
আয়োজকরা জানান, রাজশাহীতে বরাদ্দ করা এক হাজার তালগাছের চারা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পদ্মার পাড়ের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
আয়োজকদের মতে, তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘমেয়াদে পরিকল্পিতভাবে তালগাছের সংখ্যা বাড়ানোর মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।



