সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তার ব্যাংকঋণ পরিশোধে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে এই অর্থের চেক তুলে দেন। বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে দেওয়া এ অর্থ দিয়ে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে থাকা বকেয়া ঋণ পরিশোধ করা হবে।
গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মোহাম্মদ আলাউদ্দিন। তার মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছিল বাহিনী।
চেক হস্তান্তরকালে নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।
এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, বিধি অনুযায়ী প্রাপ্য সব সুবিধা দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে। ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে পরিবারটির প্রতি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।



