আনসার সদস্যদের সাহসী অভিযানে উদ্ধার চাপাতি, থানায় সোপর্দ
রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আনসার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল তাদের ধাওয়া করলে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
কিছুক্ষণ পর চোরচক্রটি পুনরায় হাসপাতাল এলাকায় ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। তবে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্যাম্পে থাকা অন্যান্য সদস্যদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্র (চাপাতি)সহ চক্রের তিন সদস্য—মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় চক্রের অন্য সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া চাপাতি জব্দ করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই, দালালচক্র ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।



