রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝলমলিয়া হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিশির দাশ।
অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ী আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ঝলমলিয়ার মৃত জবিল মণ্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, চিংড়ি মাছে জেলি মেশালে মাছের আকার ও ওজন কৃত্রিমভাবে বাড়ানো যায়। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি জেলিযুক্ত মাছ খেলে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। এ কারণে জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাদ্যে ভেজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।



