রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো—অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় বিধিগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চুক্তি বাতিল হওয়া তিন এমডি হলেন—অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের মো. কামরুজ্জামান খান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. জসীম উদ্দিন।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এসব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের চুক্তি বাতিলের বিষয়ে পরবর্তী আইনগত ও বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বিডিবিএলের মতো রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিতে ভুগছে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থাপনা পর্যায়ে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা।



