রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী আবদুর রহমান যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি রাকাবে যোগদান করেন।
এর আগে তিনি জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
কাজী আবদুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির একাধিক শাখার শাখা প্রধান, করপোরেট শাখা প্রধান, প্রিন্সিপাল শাখা প্রধান ও জোনাল প্রধানসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) বিভাগীয় প্রধানের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস।
কাজী আবদুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও বাংলাদেশ ব্যাংকসহ দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন।
তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।



