প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর প্রয়াত আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। একইসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন। গতকাল বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
মুজিবুর রহমান বলেন, নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান। প্রধানমন্ত্রীর যুগশ্রেষ্ঠ উক্তি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত।
তিনি বলেন, আমার আবেগের একটি কথা- একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী (তারেক রহমান) ৯ মাস বন্দী ছিলেন।
যদি কোনোদিন সুযোগ হয়, বেগম খালেদা জিয়ার স্বাধীনতাযুদ্ধের যে অবদান, সেজন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রীকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তার সহোদর ভাই-আমাদের ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি। মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না।



