রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ১২৭ বছরের পুরাতন মসজিদের পুরাতন ভবনের জমিতে প্রধান অতিথি হিসেবে নতুন ভবন নির্মাণের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। অতিথিবৃন্দ মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এই উদ্যোগকে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
৬তলা বিশিষ্ট নতুন মসজিদ ভবন নির্মিত হলে মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আধুনিক ও বিস্তৃত সুবিধা সৃষ্টি হবে।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, মীরেরচক মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মকলেসুর রহমান বকুল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী রুবেল, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


